গাংচিল অনলাইন.কম: স্কুলের ক্যালেন্ডারে জাতীয় শোক দিবসকে 'আনন্দ দিবস' হিসেবে উল্লেখ করা হয়েছিল। এই ঘটনায় বিপাকে পড়তে হয়েছে নোয়াখালীর অক্সফোর্ড আইডিয়াল স্কুলের অধ্যক্ষ মো. নুর হোসেনকে। রাষ্ট্রদ্রোহিতার মামলায় আদালত তাকে কারাগারে প্রেরণ করেছেন।
গতকাল বুধবার (৮ জানুয়ারি) দুপুরে পুলিশ অধ্যক্ষ নুর হোসেনকে আদালতে হাজির করলে তিনি জামিন আবেদন করেন। এ সময় আদালতের বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে ওই অধ্যক্ষকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুনুর রশিদ চৌধুরী জানান, বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগ এলাকার অক্সফোর্ড আইডিয়াল স্কুলের ২০১৯ সালের ক্যালেন্ডারে জাতীয় শোক দিবসকে ‘আনন্দ দিবস’ উল্লেখ করা হয়েছিল। এ ঘটনায় শুভ নামে এক ছাত্রনেতা আদালতে একটি মামলা করেন।
পরবর্তীকালে ওই মামলায় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অনুমোদনক্রমে রাষ্ট্রদ্রোহিতামূলক কাজ করার অপরাধে একটি মামলা রুজু হয়। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে পুলিশ অধ্যক্ষ নুর হোসেনকে রাজগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করে।
