ইউনুছ শিকদারঃ নোয়াখালীর হাতিয়া উপজেলায় তিন ইভটিজারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ইভটিজার তিনজন হলো, ইয়াসিন আরাফাত (২৫), আরমান হোসেন (১৮) ও মো. রায়হান (১৮)।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার বুড়িরচর ইউনিয়নের রেহানিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর এ আলম ওই জরিমানা করে তা আদায় করেন।
মোহাম্মদ নূর এ আলম বলেন, বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে কয়েকজন বখাটে স্কুলছাত্রীদের উত্যক্ত করে- এমন খবরে দুপুরে সেখানে অভিযান চালানো হয়। এসময় ওই তিন বখাটে কয়েকজন স্কুলছাত্রীকে উত্যক্ত করছিলো। পরে তাদের আটক করা হয়।
তিনি বলেন, আটকদের মধ্যে ইয়াসিন আরাফাতকে ১৫ হাজার টাকা, আরমান হোসেন ও মো. রায়হানের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে তাদের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
