গাংচিল অনলাইন.কমঃ নোয়াখালীতে ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত ও এক যাত্রী আহত হয়েছেন। এ নিয়ে একই দিনে নোয়াখালীতে ৫জন নিহত হল। 

মঙ্গলবার রাত সাড়ে সাড়ে নয়টার দিকে উপজেলার অশ্বদিয়া ইউপির সোনাপুর-কবিরহাট সড়কের ওয়াপদা পোল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার আইয়ুবপুর গ্রামের আবুল কালামের ছেলে মো. রিপন ও একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে জাবেদ হোসেন। আহত নাঈম নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আবদুল মান্নানের ছেলে।

সুধারাম মডেল থানার ওসি নবীর হোসেন জানান, কবিরহাট থেকে সিএনজি চালিত অটোরিকশা যোগে সোনাপুর-কবিরহাট সড়কের ওয়াপদা পোল সংলগ্ন এলাকায় বাড়িতে যাওয়ার পথের সামনে নামে ওই তিন যাত্রী। এ সময় পিছন দিক থেকে আসা একটি দ্রুত গতির ট্রাক তাদের চাপা দিলে তিনজনই গুরুতর আহত হয়।

তাৎক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রিপন ও জাবেদকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় নাঈমকে ঢাকা নিয়ে যাওয়া হয়। 

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহি উদ্দিন আবদুল আজিম দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে দুপুরে সড়ক দুর্ঘটনায় জেলার সুবর্ণচর উপজেলার দুইজন ও বেগমগঞ্জ উপজেলার একজন নিহত হয়েছেন।