ইউনুছ শিকদার: রামগতি উপজেলার বৃহত্তম বাজার রামগতি বাজারে গত রাত ( ০৩-১২-১৯) আনুমানিক দেড়টার সময় আগুন লেগে ৩টি বাসাবাড়ি ও ২০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই হওয়ার খবর নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ এটি এম আরিচুল হক রামগতি থানা। 

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে ধারনা করছেন স্থানীয়রা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা জানায়, বাজারের একটি কসমেটিকস দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে বাজারে। খবর পেয়ে রামগতি ও কমলনগর ফায়ারসার্ভিসের দু’টি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে তিনটি বসতঘর, মুদি দোকান, লাইব্রেরি,র্স্বণালংকার দোকান, কাপড়ের দোকান, ঘড়ির দোকান, মোবাইল দোকানসহ ২০টি দোকানঘর মালামালসহ পুড়ে ছাঁই হয়ে যায়। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন বাজার পরিচালনা কমিটির সদস্য গরীব হোসেন রাসেল এবং ব্যবসায়ী ও দোকানঘর মালিকরা। 

রামগতি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল হাসেম অগ্নিকান্ডের বিষয়ে নিশ্চিত করেছেন। রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল মোমিন ঘটনাস্থল পরিদর্শনকালে বলেন, অগ্নিকান্ডে তিনটি বসতঘর ও ২০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। তালিকা করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহযোগীতা করা হবে।