গাংচিল অনলাইন.কম: বেগমগঞ্জে ছিনতাইয়ের সময় কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

আটককৃতরা হলেন- ওই উপজেলার হাজীপুরের আশরাফ উদ্দিন, আলী আহম্মদ সজীব, শরীফপুরের মো. ইউনুস হোসেন, এমরান আলী জিসান, মাকসুদুর রহমান।

সোমবার রাতে শরীফপুরের হাসানহাট তালতলায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার বিকেলে তাদের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী মনির হোসেন ফাহিম।

ভুক্তভোগী ফাহিম বলেন, রাতে বাড়ি ফেরার সময় ছয় ছিনতাইকারী আমার পথরোধ করে মোবাইল, টাকা ছিনিয়ে নেয়। পরে আমি চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে পাঁচজনকে আটক করে।

বেগমগঞ্জ থানার ওসি হারুন অর রশীদ চৌধুরী বলেন, এ এলাকায় দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং তৎপর ছিলো। ছিনতাইয়ের ঘটনায় আটক পাঁচজনসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে।