লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে অভ্যন্তরীন আমন সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা খাদ্য বিভাগের উদ্যোগে শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে জেলা খাদ্য গুদাম কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শফিকুর রিদোয়ান আরমান শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম সালাহ উদ্দিন টিপু, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সাহেদ উদ্দিন আহমদ, গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রামীম পাঠান, উপ-পরিদর্শক মাইন উদ্দিন প্রমুখ।
খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, সদর উপজেলার টুমচর, শাকচর, চররমণী মোহন ইউনিয়ন ও লক্ষ্মীপুর পৌরসভায় লটারীর মাধ্যমে ৮৯২জন কৃষকদের মধ্যে ৭১১ জনকে নির্বাচিত করে ধান ক্রয় অভিযান শুরু করা হয়। এতে ২৬ টাকা ধরে একজন কৃষক সর্বোচ্ছ ২৫ মণ ধান বিক্রয় করতে পারবেন। সরকারী নিয়ম মেনে ধান ক্রয় করার পর কৃষকদের ব্যাংক হিসাবে টাকা প্রদান করা হবে। পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়ন সমূহে এ কার্যক্রম লটারী মাধ্যমে শুরু হবে।
