ইউনুছ সিকদার (সুবর্ণচর প্রতিনিধি): নোয়াখালীতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় এক ছাত্রদল নেতাসহ তিনজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে সুবর্ণচরের তোতার বাজার এবং বেগমগঞ্জের কাদিরপুরে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ২নং চরবাটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রাসেল (৩০) ও হাতিয়া উপজেলার তরমদ্দি ইউনিয়নের জোড়াখালী গ্রামের করাতকল শ্রমিক মো. নোমান (৩৬)। তবে কাদিরপুরের নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, বিদ্যুতের খুঁটি নিয়ে জেলা শহর মাইজদী থেকে একটি কাভার্ডভ্যান সুবর্ণচরের ভূঞারহাটের দিকে যাচ্ছিল। পথে তোতার বাজারের দক্ষিণে সোনাপুর-চেয়ারম্যান ঘাট সড়কে ভূঞারহাট থেকে ছেড়ে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি হয়। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। সিএনজিটি চেয়ারম্যান ঘাট থেকে সোনাপুর যাচ্ছিল।

পরে স্থানীয়রা অটোরিকশা থেকে চারজনকে বের করেন। এর মধ্যে দুইজনকে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অটোরিকশার চালকসহ অপর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

চরজব্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের সাহেবের হাট-পাকমুন্সিরহাট সড়কে গয়েছপুর এলাকায় বালুবোঝাই পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বেগমগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।