গাংচিল অনলাইন.কম: ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে লন্ডভন্ড হয়েছে দেশের বিভিন্ন জেলা। ঝড়ে এসব জেলার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ঝড়ে গাছ ভেঙে পড়ে খুলনা, পটুয়াখালী ও বরগুনায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
খুলনার দাকোপে বুলবুলের তাণ্ডবে গাছচাপায় প্রমিলা মণ্ডল নামের এক নারী নিহত হয়েছেন। দাকোপের ইউএনও আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। অপরদিকে খুলনার দিঘলিয়া উপজেলায় সেনহাটি গ্রামে আলমগীর হোসেন (৩৫) নামে এক যুবক গাছচাপায় নিহত হয়েছেন।
এদিকে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় গাছ ভেঙে ঘরচাপায় হামেদ ফিকির (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পেশায় তিনি একজন মৎস্যজীবী। নিহত হামেদ ফিকির মির্জাগঞ্জ উপজেলার উত্তর রামপুর এলাকার মৃত ইয়াসিন ফকিরের ছেলে। মির্জাগঞ্জ থানার ওসি মো. শওকত ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. গোলাম সরওয়ার জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে জেলা প্রশাসনের একাধিক টিম মাঠপর্যায়ে কাজ করছে। জেলা জুড়ে বৃষ্টি চলছে, একটু সময় লাগবে। বৃষ্টি থামার পর বিস্তারিত জানা যাবে।
এছাড়া বরগুনা সদর উপজেলার ডিএন কলেজ আশ্রয়কেন্দ্রে হালিমা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধা মারা গেছেন। তার বাড়ি সদর উপজেলার বানাই গ্রামে।
এর আগে ভারতের পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানে অতি প্রবল ঘূর্ণিঝড় বুলবুল। ১২৫ কিলোমিটার গতিতে আছড়ে পড়া বুলবুল সেখানে দুইজনের প্রাণ নিয়েছে।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ভারতের কলকাতা এবং ওড়িষ্যায় ভারি বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে গেছে। এতে দুইজন নিহত হয়েছে। ঝড়ের কারণে কলকাতা বিমাবন্দরের সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
