লক্ষ্মীপুর প্রতিনিধি : র‌্যাব-১১, সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্পের উদ্যোগে বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে নোয়াখালী জেলার চরজব্বার থানা এলাকায় অভিযান চালিয়ে মো. রাসেল কালাম প্রকাশ কালা (২৫) ও মো. ইলিয়াছ ওরফে জাহের (২৮) নামের দুই জলদস্যুকে গ্রেপ্তার করেছে। 

এসময় তাদের কাছ থেকে ২টি এলজি, ৪ রাউন্ড ১২ বোর কার্তুজ উদ্ধার করা হয়েছে। 

র‌্যাব-১১, সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে নোয়াখালীর চরজব্বার থানার চর বা¹া এলাকায় জলদস্যু ফকির বাহিনীর বেশ কয়েকজন সদস্য সাগরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে লক্ষ্মীপুরে ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মো. আবু ছালেহ এর নেতৃত্বে দুপুর দেড়টার দিকে র‌্যাব ওই এলাকায় অভিযান চালিয়ে ২ জলদস্যুকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ২টি এলজি, ৪ রাউন্ড ১২ বোর কার্তুজ উদ্ধার করা হয়েছে। 

র‌্যাব-১১, সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক ও সহকারী পুলিশ সুপার মো. আবু ছালেহ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় নোয়াখালীর চর জব্বার থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে।