গাংচিল অনলাইন.কম: 'শুধু বড় বড় ভবন করলে হবে না। সাধারণ মানুষের ন্যায় বিচার পেতে
বিচারকসহ সংশ্লিষ্টদের মানসিকতার পরিবর্তন করতে হবে' বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক ।
বৃহস্পতিবার দুপুরে ৫০ কোটি ৪১ লাখ টাকা
ব্যয়ে নির্মিত ১০ তলা বিশিষ্ট নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ভবনের
উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সময় বিচ্ছিন্ন দ্বীপ
উপজেলা হাতিয়ার পুরাতন আদালত ভবন ভেঙে সেখানে এক বছরের মধ্যে নতুন ভবন
নির্মানের প্রতিশ্রুতি দেন তিনি।
সম্প্রতি ঘটে যাওয়া আবরার হত্যা প্রসঙ্গে মন্ত্রী বলেন, বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলা দ্রুততম সময়ের মধ্যে শেষ করা হবে। তবে কোন আদালতে করা হবে, না করা হবে তা মামলার অভিযোগপত্র জমার পরই সিদ্ধান্ত নেয়া হবে।
এজাহারে অনেকের নাম নেই- সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি মন্তব্য করতে চাননি। আইনমন্ত্রী বলেন, মামলার এজাহার করা হয়েছে। এ মামলার ও হত্যার যে প্রকৃতি হয়তো অনেকের নাম এজাহারে নাও আসতে পারে। কিন্তু এজাহার করার পরে একটা তদন্ত হয়, পুলিশ তদন্ত করবে এবং তাতে যারা জড়িত বলে প্রমাণ পাওয়া যাবে তাদের সবার নাম আসবে।
এ সময় তিনি আরও বলেন, আগে এসব হত্যাকাণ্ডের কোনো বিচার করা হয়নি। যে নৃশংস হত্যাকাণ্ড বুয়েটে হয়েছে সে বিষয়ে আমরা দ্রুত তদন্তও বিচারের ব্যবস্থা নিয়েছি।
নোয়াখালী জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী-৪ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, ৬ আসনের এমপি আয়েশা ফেরদৌস, সংরক্ষিত মহিলা আসনের এমপি ফরিদা খানম, আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব গোলাম ছারওয়ার, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রকেল্পর প্রধান সমন্বয়ক ও যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উৎপল চৌধুরী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. বশির আহমেদ, নোয়াখালী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এবি এম জাকারিয়া, সাধারণ সম্পাদক আজিজুল হক বকশী প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস, পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন, জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ এএইচএম খায়রুল আনামা সেলিম চৌধুরী।

