লক্ষ্মীপুর প্রতিনিধি : 
লক্ষ্মীপুরের কমলনগরে সড়ক দূর্ঘটনায় হাজিরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু পার্থ কুমার দাস’সহ ২জন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রামগতি-লক্ষ্মীপুর সড়কের তোরাবগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা কমলনগর উপজেলার করুনানগর এলাকার বাসিন্দা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে রামগতি থেকে ছেড়ে আসা একটি পিকআপভ্যান তোরাবগঞ্জ বাজার এলাকায় লক্ষ্মীপুর থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরহী রুপন্ন কুমার দাস ঘটনাস্থলে মারা যায় এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা পার্থ কুমার দাস গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 

জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ জানান, বাবু পার্থ কুমার দাস হাজিরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বৃহস্পতিবার রাতে তোরাবগঞ্জ বাজার এলাকায় এক সড়ক দূর্ঘটনায় মারা গেছেন তিনি। 

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ২জনের কারও মাথায় হেলমেট ছিল না। লাশ ২টি পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।