লক্ষ্মীপুর প্রতিনিধি : 
লক্ষ্মীপুরে আনন্দ উৎসব ও প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃত্বে মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে থানা সড়ক এলাকা থেকে বিসর্জন শোভাযাত্রা বের করা হয়। এর আগে পুজামন্ডপ গুলোতে চলে সিঁদুর খেলা ও আনন্দ উৎসব। 

হিন্দু সম্প্রদায়ের রীতি অনুসারে মঙ্গলবার সকাল থেকে নারীরা দেবী দূর্গাকে মিষ্টিমুখ করান এবং সিঁদুর পরিয়ে দেন। পরে তারা নিজেরা সিঁদুর খেলায় মেতে উঠেন। বিদায় লগ্নে বিভিন্ন মন্ডপে দেবী দূর্গার কাছে পরিবার ও বিশ্বের মঙ্গল কামনা করেন তারা। পরে শাঁখারীপাড়া পৌর মহাশ্মশানে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। 

প্রতিমা বিসর্জনের সময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু তাহের, পৌর কাউন্সিলর উত্তম কুমার দত্ত, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবু শংকর মজুমদার, সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র নাথ, হিন্দু বৌদ্ধ খিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট রতন লাল ভৌমিক, সাধারণ সম্পাদক স্বপন দেব নাথ, যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক শিমুল সাহা প্রমুখ।  

এ দিকে শারদীয় দূর্গাপুজা ও প্রতিমা বিসর্জন উপলক্ষে পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের বিভিন্ন স্থানে র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।