গাংচিল অনলাইন.কম: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আসন্ন ভর্তি পরীক্ষায় সারাদেশ থেকে আগত ভর্তিচ্ছুদের সর্বাত্মক সহযোগিতা করার প্রস্তুতি নিচ্ছে নোয়াখালীবাসী।
আসন্ন ভর্তি পরীক্ষা নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন, স্থানীয় গোয়েন্দা সংস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুষ্ঠিত বৈঠকে একথা জানান নোয়াখালীর জনপ্রতিনিধিরা।
জানা যায়, আসন্ন ভর্তি পরীক্ষায় গতবারের ন্যায় সারাদেশ থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সর্বাত্মক সহযোগিতা করার প্রস্তুতি নিচ্ছে নোয়াখালীবাসী। বৈঠকে স্থানীয় জনপ্রতিনিধিরা সহযোগিতার বিষয়টি বৈঠকে নিশ্চিত করেছেন। ভর্তি পরীক্ষার্থীদের ফ্রি থাকা খাওয়ার ব্যবস্থা করবেন তারা। শহরের গুরুত্বপূর্ণ জায়গায় থাকবে তথ্য সহায়তা কেন্দ্র। ভর্তি পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য নোয়াখালীতে ১০০ টি ফ্রি বাস চালু করবেন স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী এমপি। এসব বাসে ভর্তি পরীক্ষার্থীরা ফ্রি যাতায়াত করতে পারবেন।
নোয়াখালী পৌরসভা কতৃপক্ষ থেকেও থাকবে নানা সহযোগিতা। স্থানীয় প্রশাসনও এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করবেন। এর আগে নোবিপ্রবির গত ভর্তি পরীক্ষায় সারাদেশ থেকে আগত ভর্তিচ্ছুদের সহযোগিতা করে সারাদেশে আলোড়ন সৃষ্টি এবং প্রশংসার পাত্র হয়েছিল নোয়াখালীবাসী। এ নিয়ে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হয়েছিল নোয়াখালীবাসী।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল-আলম, প্রক্টর ড. নেওয়াজ মো. বাহাদুর, সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী এমপি, পৌর মেয়র শহিদ উল্যাহ খান সোহেল, জেলা প্রশাসক তন্ময় দাস, জেলা পুলিশ সুপার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানগণ, জেলা আওয়ামী লীগ সভাপতিসহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ।
