গাংচিল অনলাইন.কম: নোয়াখালী জেলা শহরের সুপার মার্কেটের পঞ্চম তলার চাইনিজ রেস্টুরেন্টে তেলাপোকা পাওয়ায় জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। সুপারমার্কেটে অবস্থিত হ্যাং আউট চাইনিজ, ফুড ফিয়েস্তা, বেলকোনি ও বার্বাজুল রেস্টুরেন্টকে বিভিন্ন অনিয়মের দায়ে সর্বমোট ১লক্ষ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আদালত পরিচালনা করেন মো: রোকনুজ্জামান খান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালী। আদালত পরিচালনায় সহযোগিতা করেন দেবানন্দ সিনহা, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নোয়াখালী এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন সুধারাম মডেল থানা পুলিশ, নোয়াখালী। 

বিভিন্ন সময়ে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে গতকাল (০৫আগস্ট) দুপুর ১২ থেকে ২টা পর্যন্ত নোয়াখালী সুপার মার্কেটের ৫ম তলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনার সময় খাবার হোটেলগুলোর কিচেন পরীক্ষা করে দেখা যায়- খাবার পণ্যে নিষিদ্ধ টেস্টি সল্ট, ঘন লবন, অনুমোদিত নয় এমন পণ্য ব্যবহার করে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি হচ্ছে। ফ্রিজে কাঁচাবাশি পণ্য একসাথে সংরক্ষণ করা হচ্ছে। এসময় কিচেন রুমে তেলাপোকা দৌড়াতেও দেখা যায়।

এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৪৩ ও ৫৩ ধারার বিধান অনুযায়ী হ্যাং আউট চাইনজ রেস্টুরেন্টকে ৫০হাজার টাকা, ফুড ফিয়েস্তাকে ৪৫ হাজার টাকা, বেলকোনি রেস্টুরেন্টকে ২০হাজার টাকা, বার্বাজুল রেস্টুরেন্টকে ৩০হাজার টাকা সহ সর্বমোট ১লক্ষ ৪৫হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রোকনুজ্জামান খান জানান জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।