ইউনুছ শিকদার: সুবর্ণচরে জয়শ্রী রায় (২০) নামের এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। আজ (০৪আগস্ট) রোববার বিকেলে উপজেলার চরবাটা ইউনিয়নের পশ্চিম চরবাটা গ্রাম থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সুবর্ণচর থানা পুলিশ।
জয়শ্রী রায় ওই গ্রামের মৃত দুর্লভ বিহারির মেয়ে। তিনি সৈকত সরকারি কলেজের স্নাতক (সম্মান) বিভাগের ছাত্রী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত বছর ফেনীর দাগনভূঁইয়ার কমল দাসের সঙ্গে জয়শ্রীর বিয়ে হয়। বিয়ের ২৭দিন পর কমল দক্ষিণ আফ্রিকায় চলে যায়। সেখানে যাওয়ার পর থেকে তার সঙ্গে কমলের খুব একটা ভাল সম্পর্ক যাচ্ছিল না। এর মধ্যে জয়শ্রী জানতে পারেন কমলের আরও একটা বউ আছে। ঘটনাটি মোবাইলে কমলকে জিজ্ঞাসা করলে সে এ বিষয়য়ে নিয়ে মিথ্যাচার করে এবং জয়শ্রীর সঙ্গে খারাপ আচরণ করে। এতে করে তাদের সম্পর্ক আরো খারাপ হয়ে উঠে। এর জের ধরে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে জানান জয়শ্রী মা সীমান্ত রায়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন জানান, জয়শ্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।
