গাংচিল অনলাইন.কম: নোয়াখালীর কবিরহাট উপজেলায় নরোত্তমপুর ইউনিয়নে ফারজু আক্তার (১৫) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কবিরহাট থানা পুলিশ।

আজ শুক্রবার (০২আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের নূর সোনাপুর গ্রামের ছকিদার বাড়ির প্রবাসী ইউছুফের ঘরের দরজা ভেঙে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী ইউছুফের দুই মেয়ের মধ্যে ফারজু ছিল ছোট। মাদ্রাসায় লেখাপড়া করলেও গত দেড় বছর আগে তার পড়াশুনা বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে সে বাড়িতেই থাকত। 

প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাতে খাওয়া শেষে নিজের ঘরে ঘুমাতে যায় ফারজু। পরদিন শুক্রবার সকালে তার ঘর থেকে কোনো সাড়া না পেয়ে বিষয়টি পুলিশে অবগত করে পরিবারের লোকজন। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেলের হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে কী কারণে সে গলায় ফাঁস দিয়েছে তা এখনো জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে। 

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান তিনি।