গত কয়েকদিনে বৃষ্টিপাত ও জোয়ারের পানির স্রোতে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার তমরদ্দি, চরঈশ্বর, জাহাজমারা ইউনিয়নের কয়েকটি জায়গায় বেড়ীবাঁধের ভাঙ্গন দেখা দিয়েছে। এর ফলে এসব এলাকার কয়েকশ একর ফসল বিনষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুর-এ-আলম এসব ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় ভাঙ্গনকৃত বেড়ীবাঁধ মেরামতের উদ্যোগ নেন। এ ডাকে সাড়া দিয়ে বাঁধ মেরামত করছেন   কয়েকশ’ এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, তমরদ্দি, চরঈশ্বর, জাহাজমারা ইউনিয়নের লোনা বেড়ীবাঁধ ছিড়ে ১০টি গ্রাম প্লাবিত হয়। তাৎক্ষণিক কোন বরাদ্দ না থাকায় সরকারিভাবে এ বেড়ীবাঁধ মেরামত করা সম্ভব হয়নি। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ-আলম তমরদ্দি, চরঈশ্বর ও জাহাজমারা ইউনিয়নের এলাকাবাসীর সহযোগিতায় ভাঙ্গনকৃত বেড়ীবাঁধ মেরামতের উদ্যোগ নেন। এ উদ্যোগে সাড়া দিয়ে সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে কয়েকশ’ এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে বেড়ীবাঁধ মেরামতের কাজে লেগে পড়েন। 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, তমরদ্দি ইউপি চেয়ারম্যান ফররুক আহমেদসহ অনেকে। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ-আলম জানান, ছোটখাটো এসব ভাঙ্গন তাৎক্ষণিক মেরামত করা না হলে পরে এ ভাঙ্গন আরো বড় আকারে দেখা দেয়। তাতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে।