বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দল সেমিফাইনালে উঠতে না পারার শোক সইতে না পেরে সাকিব (১৪) নামের এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
গতকাল শনিবার (০৬ জুলাই) ভোরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের মাইজকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাকিব বাংলাদেশ ক্রিকেট দলের একজন পাগল সমর্থক ছিল।
শুক্রবার রাতে বাংলাদেশ ও পাকিস্তান খেলায় বাংলাদেশ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়। প্রিয় দলকে এ আসরে দেখতে পারবে না এমন ক্ষোভে নানার বাড়ির লাকড়ির ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সাকিব।
আত্মহত্যাকারী সাকিব মতলব উত্তর উপজেলার চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। শনিবার ইংরেজি প্রথমপত্রের পরীক্ষা ছিল তার।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মতলব উত্তর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নাহিদ হোসেন বলেন, খবর পেয়ে সাকিবের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
