বিশ্বকাপে ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে দারুণ ছন্দে ছিলেন সাকিব আল হাসান। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষ অলরাউন্ডারকে প্রয়োজনীয় সহায়তা দিতে পারেননি সতীর্থরা। তা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার।
গতকাল (০৫জুলাই) পাকিস্তানের কাছে ৯৪ রানে হেরে বিশ্বকাপ অভিযান শেষ করেছে বাংলাদেশ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী পর্বে মাশরাফি জানান, সাকিবকে যথেষ্ট সহায়তা দিতে পারলে চিত্রটা ভিন্ন হতে পারতো।
তিনি আরও জানান, আমরা খুবই দুঃখিত যে, বিশ্বকাপে প্রতিটি ম্যাচে খুব ভালো ব্যাটিং-বোলিং-ফিল্ডিং করা সাকিবকে যথেষ্ট সহায়তা করতে পারিনি। ৬০৬ রান ও ১১ উইকেট নিয়ে টুর্নামেন্ট শেষ করেছেন সাকিব। সেমি-ফাইনাল পর্যন্ত যেতে না পারায় নিজেদের প্রাপ্তির বেশি কিছু দেখেন না অধিনায়ক।
মাশরাফি আক্ষেপ করে বলেন, বাজে ফিল্ডিং পুরো টুর্নামেন্টে আমাদের খুব ভুগিয়েছে। বোলিংও যথাযথ ছিল না। ব্যাটিং ছিল বেশ ইতিবাচক।
তবে টানা দুই ম্যাচে পাঁচ উইকেট নেওয়া মুস্তাফিজুর রহমানের বোলিংয়ে মাশরাফি সন্তুষ্টি প্রকাশ করেন। ক্যারিয়ারের শুরুতে মুস্তাফিজ ছিল আনপ্লেয়েবল। গত দুই বছর ইনজুরি ওকে বেশ ভুগিয়েছে। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ থেকে সে ভালো করেছে। "সে বাংলাদেশের ক্রিকেটের একটা সম্পদ।"


