গাংচিল অনলাইন.কম: নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্রে নোয়াখালী সুপার মার্কেটের সেলুন-কসমেটিকস-ফার্মেসীসহ পাঁচটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৫২হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। আদালত পরিচালনা করেন মো: রোকনুজ্জামান খান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালী।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন- দেবানন্দ সিনহা, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নোয়াখালী এবং আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন সুধারাম মডেল থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টায় নোয়াখালী সুপার মার্কেটে অভিযান পরিচালনা করা হয়। মার্কেটের নিচ তলায় সুপার কাট সেলুন ও নিউ স্মার্ট সেলুন দ্বয়ে অভিযান পরিচালনার সময় দেখা যায়- সেবাগ্রহীতাদের ব্যবহারের জন্য সামনে সংরক্ষিত সেভিং কিটস, হেয়ার কালার, ফেসিয়ালস, স্যাম্পু সহ পণ্য ও দ্রব্যগুলো যাচাই করা হয়। প্রায় সকল পণ্য ও দ্রব্যগুলোতে পণ্যের মূল্য ও মেয়াদ উত্তীর্ণের তারিখসহ ভোক্তা অধিকার আইনে নির্ধারণ করে দেওয়া ৮টি নির্দেশনার কোনটিই নেই, মেয়াদ উত্তীর্ণ পণ্য দ্বারা সেবা প্রদান করা হচ্ছে, সেবার কোন মূল্য তালিকা নেই। এসকল অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৯ধারায় সুপার কাট সেলুন-এর মালিক মিল্টন চন্দ্র মজুমদার (৩২) কে ১০হাজার টাকা ও নিউ স্মার্ট সেলুন-এর মালিক ছোটন মজুমদার (২৫)কে ১০হাজার টাকা জরিমানা ও সেবার পণ্যগুলো জব্দ করা হয়।
সুপার মার্কেটের নিচ তলায় মাজেদা মেডিসিন সপে অভিযান চালিয়ে অনুমোদনবিহীন ঔষদ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও ফ্রিজের তাপমাত্রা প্রদর্শণ যন্ত্র স্থাপন না করায় মালিক রমজানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় ১০হাজার টাকা জরিমানা ও অনুমোদনবিহীন ঔষধ জব্দ করা হয়।
সুপার মার্কেটের চতুর্থ তলায় খালেক গার্মেন্টস ও কসমেটিকস্ এবং এভন কসমেটিকস এ অভিযান পরিচালনাকালে তল্লাশী করে দেখা যায়- দোকানে বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শিত কসমেটিকসের বেশির ভাগ কসমেটিকসই অনুমোদনবিহীন, পণ্যের গায়ে আমদানিকারক, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ নেই। এ অপরাধে খালেক গার্মেন্টস ও কসমেটিকসের মালিক হৃদয় (২৭)কে ১৫হাজার টাকা এবং এভন কসমেটিকসের মালিক রমজান আলীকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট-মো: রোকনুজ্জামান খান জানান, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে। কারও কাছে কোন তথ্য থাকলে তা জেলা প্রশাসন, নোয়াখালীকে জানানোর জন্য অনুরোধ করেন।

