গাংচিল অনলাইন.কম: সোনাইমুড়ীতে পঞ্চম শ্রেণির ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে উপজেলার নাটেশ্বর ইউনিয়নে ইউছুফ নামের এক প্রধান শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছে অভিভাবক ও স্থানীয় লোকজন।
আজ (২০জুলাই) শনিবার দুপুর ১২টার দিকে তাকে আটক করে পুলিশে দেন তারা। অভিযুক্ত শিক্ষকেের বাড়ি সোনাইমুড়ী উপজেলার কাশিপুর এলাকায়। তিনি নাটেশ্বর ইউনিয়নের পূর্ব মির্জা নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব মির্জা নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউছুফ গত এক মাসের বেশি সময় ধরে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির একাধিক ছাত্রীকে কৌশলে ডেকে মোবাইলে পর্ন ভিডিও ও ছবি দেখাতো। একইসাথে ক্লাস ও অফিস কক্ষে ছাত্রীদের ডেকে নিয়ে তাদের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিতো ও কয়েকজন ছাত্রীকে ধর্ষণের চেষ্টাও করে।
পরে ভুক্তভোগী ছাত্রীরা বাড়িতে গিয়ে বিষয়টি তাদের পরিবারের লোকজনকে জানায়। এর ভিত্তিতে আজ শনিবার সকালে শিক্ষার্থীদের অভিভাবকগণ ও স্থানীয় লোকজন একত্রিত হয়ে প্রধান শিক্ষক ইউছুফকে আটক করে পুলিশেে সোপর্দ করে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সামাদ জানান, অভিযুক্ত শিক্ষক ইউছুফের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
