শিশুর কাটা মাথা
গাংচিল অনলাইন.কম: ব্যাগে করে শিশুর কাটা মাথা নিয়ে ঘোরার সময় রবিন (৩০) নামের এক যুবককে ধাওয়া করে পিটিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা। নিহত রিকশাচালক রবিন কাটলি এলাকার এখলাছ উদ্দিনের ছেলে। 

আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে নেত্রকোনা পৌর শহরের নিউটাউন এলাকার অনন্তপুকুর পাড়ে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে ১টার দিকে শহরের বারহাট্টা রোড এলাকার হরিজন পল্লীর পাশে দুজনকে ব্যাগ হাতে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয় লোকজন। প্রথমে তাদের চোর সন্দেহে ব্যাগ হাতে ধাওয়া করে জনতা। পরে নিউটাউন অনন্তপুকুরপাড় এলাকায় ঢুকলে আশপাশের মানুষ এসে আটকে ফেলে একজনকে। 

এসময় তার হাতে থাকা ব্যাগটিতে তল্লাশি করে শিশুর কাটা মাথা পাওয়া যায়। পরে উত্তেজিত জনতা যুবক রবিনকে ঘটনাস্থলেই পিটিয়ে হত্যা করে। 

এ ঘটনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে পুলিশ লাশ এবং শিশুর মাথা উদ্ধার করে নেত্রকোনা মর্গে পাঠানোর সময় পুরো শহরের রাস্তা ব্লক করে উৎসুক জনতা।

জানা যায়, বিকালে শিশুর শরীরের বাকী অংশ একই এলাকার একটি নির্মাণাধীন তিন তলা ভবন থেকে উদ্ধার করেছে পুলিশ। 

এদিকে শিশুটির বাবা ও মা জানান, তারা গত এক মাস হলো আমতলা থেকে কাটলি এলাকায় ভাড়া থাকেন। সকালে খাবার খেয়ে শিশুটি বাড়ির বাইরে যায়। এরপর তাকে আর পাওয়া যায়নি। পরে নিউটাউন এলাকায় ব্যাগসহ যুবক ধরা পড়লে এবং ফেসবুকে মাথাসহ ছবি ছড়িয়ে পড়লে খবর পান তারা। 

নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং এই ঘটনার সাথে আর কে জড়িত ছিলো তাকেও খোঁজা হচ্ছে।