সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নে নেশা খাইয়ে ৪০ বছর বয়সী এক গৃহবধূকে গনধর্ষণের অভিযোগ উঠেছে। ৯ জুন রাতে এই ঘটনা ঘটে। ১০ জুন সকালে ভিকটিমকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভিকটিমের অভিযোগ, ঢাকার গুলশানের একটি অফিসে চাকরি করেন তিনি। তার গ্রামের বাড়ি নোয়াখালী সদর উপজেলায়। কয়েক মাস আগে চরউরিয়া এলাকার সিরাজ, শফিকুল, ফয়েজ ও সেলিমসহ কয়েকজন এলাকায় জমি ক্রয় করে দিবে বলে তার কাছ থেকে মোটা অংকের টাকা নেয়। এরপর থেকে জমি বুঝিয়ে দিতে বললে তারা নানা ধরনের অজুহাত দেখিয়ে তার জমি বুঝিয়ে দিতে কালক্ষেপন করে।
ঈদের ছুটিতে বাড়িতে আসার পর পুনরায় তাদের জমি বুঝিয়ে দিতে বলে ওই নারী। রবিবার রাতে কাগজপত্র বুঝিয়ে দেওয়ার কথা বলে ওই এলাকার একটি সুপারি বাগানের টিনের ঘরে তাকে ডেকে নিয়ে যায় তারা। সেখানে বিস্কুট ও পানি দিয়ে নাস্তার ব্যবস্থা করে অভিযুক্তরা। তাদের দেওয়া বিস্কুট ও পানি খাওয়ার পর অচেতন হয়ে পড়েন ভিকটিম।
সোমবার (১০ জুন) ভোরে জ্ঞান ফেরার পর তিনি নিজেকে বিব্রতকর অবস্থায় দেখতে পান। তার দাবি সেখানে নেওয়ার পর তাকে অজ্ঞান করে সিরাজ, শফিকুল, ফয়েজ, সেলিম, জয়নাল, লতিফ, আজিজুল হক, সামছুল হক, মিঠু ও দুলাল পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।
সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল বাতেন জানান, গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে গণধর্ষণ করা হয়েছে বলে ভিকটিম অভিযোগ করেছেন। ডাক্তারি পরীক্ষা শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 মন্তব্যসমূহ