সোনাপুর বাস কাউন্টার গুলোতে ৯ জুন, ২০১৯ রবিবার
ফেইসবুক পেইজ ও মোবাইল ফোনের মাধ্যমে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের অভিযানে হিমাচল ও লাল-সবুজ পরিবহনকে ৩০হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গত কয়েকদিন থেকে জেলা প্রশাসন, নোয়াখালীর ফেইসবুক পেইজ DC Office, Noakhali ও মোবাইল ফোনে ঈদ পরবর্তী সময়ে বাস ভাড়া বৃদ্ধি করে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত মূ্ল্যের চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে নোয়াখালী জেলার সদর উপজেলার সোনাপুর বাজারে স্থাপিত লাল-সবুজ পরিবহন, হিমাচল পরিবহন, একুশে পরিবহন, বাঁধন বাস কাউন্টার ও সিএনজি চালিত অটোরিকশাগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ৩০হাজার টাকা জরিমানা দন্ড আরোপ ও আদায় করা হয়। একই সাথে অতিরিক্ত আদায়কৃত ভাড়া যাত্রীদের তৎক্ষনাৎ ফেরত দেওয়া হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মোঃ রোকনুজ্জামান খান, আদালত পরিচালনায় সহযোগিতা করেন- দেবানন্দ সিনহা, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়, নোয়াখালী ও আতিকুর রহমান, সহকারী পরিচালক, বিআরটিএ নোয়াখালী সার্কেল BRTA Noakhali Circle Page এবং আইন শৃঙ্খলায় সহযোগিতা করেন সুধারাম থানা পুলিশ।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় দেখা যায়, যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে।
অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য সোনাপুর ডিপোর হিমাচল পরিবহন কাউন্টারকে ২০হাজার টাকা ও লাল-সবুজ পরিবহনকে ১০হাজার টাকা অর্থ দন্ড দিয়ে তা আদায় করা হয়।
এ সময় ভ্রাম্যমান আদালতের খবর পেয়ে বিভিন্ন কাউন্টার বন্ধ করে কাউন্টার ম্যানেজার পালিয়ে যায়। লক্ষ্মীপুর, আটকপালিয়াসহ বিভিন্ন সড়কে চালিত সিএনজিগুলোকে রাস্তায় থামিয়ে সিএনজির চালক কর্তৃক আদায়কৃত অতিরিক্ত অর্থ যাত্রীদের ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়।
অভিযোগ থাকলে জেলা প্রশাসন নোয়াখালীকে জানাতে অনুরোধ করা হয়েছে। জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের এ কার্যক্রম চলবে।




0 মন্তব্যসমূহ